‘তমাল ছায়ে এসো প্রাণের উৎসবে’ স্লোগানে বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ের (বিএম স্কুল) প্রাক্তন শিক্ষার্থীরা আগামী বছরের ১ জানুয়ারি ১১ যুগপূর্তি উৎসব ২০২৬ আয়োজন করছে। এ উপলক্ষে অনলাইন ও সশরীরে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

গত মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেল ৫টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দে অনলাইনে প্রথম নিবন্ধন করে কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. মোমিন হাওলাদার, উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরী, গোলাম মাসরেক বাবলু, ভানু লাল দে, ননী গোপাল শীল, শুভংকর চক্রবর্তী, আজমল হোসেন লাবু, কমল সেনগুপ্ত, শ্যামল সেনগুপ্ত, রাহুল দে, কাজল দাস, তন্ময় নাথ, নিখিল চন্দ্র মাঝি, নূর মো. রিয়াজ।

অনুষ্ঠানে উপস্থিত সকলে অনলাইনে নিবন্ধন করে কার্যক্রমকে ত্বরান্বিত করেন। ১২ মে থেকে শুরু এই রেজিস্ট্রেশন চলবে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।

পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরী আগ্রহীদের ওয়েব সাইটে প্রবেশ করে অনলাইনে এবং সশরীরে নিবন্ধন করতে আহ্বান জানিয়েছেন। তিনি জানান, অনলাইনে প্রবেশ করলে যে তথ্যগুলো চাওয়া হয়েছে, তা পূরণ করতে হবে। যে ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হবে সেই ই-মেইলেই এন্ট্রি টিকিটের পিডিএফ ফাইল পাওয়া যাবে।

সরাসরি নিবন্ধনকারীদের জন্য বিদ্যালয়ের অফিসকক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]