অস্ট্রেলিয়ার মেলবোর্নে উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন। ৩ মে, রবিবার ফেয়ারফিল্ড পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা প্রাণের স্পন্দনে মেতে উঠেছেন।

এক প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিলনমেলায় মেলবোর্নের পাশাপাশি সিডনি, ক্যানবেরা ও পার্থ থেকে প্রাক্তনরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের দেখে সকলে স্মৃতিকাতর হয়ে পড়েন। অনুষ্ঠানের প্রাঙ্গণ যেন হয়ে ওঠে কলেজ ক্যাম্পাসের ছোট্ট একটি অংশ, যেখানে স্কুল ক্যান্টিনের জনপ্রিয় আলুর চপ ও সবজি রোল পরিবেশন করে চেনা স্বাদ ফিরিয়ে আনা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ ও কৌতুকের আয়োজন ছিল। আকর্ষণীয় র‍্যাফল ড্র অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। বিশেষ আলোকচিত্রের ব্যবস্থায় প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দী হয়।

এই উপলক্ষেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশের হলি ক্রস প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ হলি ক্রস অ্যালমনাই অ্যাসোসিয়েশন’। নতুন কার্যনির্বাহী কমিটিতে আনুটা আলী সভাপতি, সামিরা মান্নান সহসভাপতি, সেহেলী শারমীন সাধারণ সম্পাদক এবং শাহনীলা মুনির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মিলনমেলার নিবন্ধন ফি থেকে একটি অংশ ইতিমধ্যে জনহিতকর কাজে ব্যয় করা হয়েছে। ভবিষ্যতেও মানবতার সেবায় এই সংগঠন হলি ক্রসের ঐতিহ্য ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]