গত তিন দশক ধরে বিশ্বের পোশাক ক্রেতারা জানতে চাইতেন, কোন দেশে সবচেয়ে কম খরচে, সময়মতো এবং ভালো মানের পণ্য তৈরি সম্ভব। এ প্রশ্ন এখনো প্রাসঙ্গিক। কিন্তু আগামী পাঁচ বছরে কেবল কম দামের জোরে অর্ডার ধরে রাখা যাবে না। ক্রেতারা এখন উৎপাদন খরচের পাশাপাশি শুল্ক, পণ্যের উৎস, কাঁচামালের গ্রহণযোগ্যতা, শ্রম অধিকার, পরিবেশগত তথ্য, রাজনৈতিক ঝুঁকি, জ্বালানি ব্যয় এবং প্রয়োজনীয় প্রমাণপত্র সংরক্ষণ-সরবরাহের সক্ষমতা বিবেচনা করছেন।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এটি 'বড় ঝুঁকি' এবং 'বড় সুযোগ' উভয়ই। বিশ্ববাজার এখন শুধু সস্তা উৎপাদন নয়, বরং পুরো সরবরাহ শৃঙ্খলার তথ্য দিতে পারা, শ্রম-পরিবেশগত ঝুঁকি ব্যাখ্যা করা এবং সময়মতো নির্ভরযোগ্য প্রমাণপত্র জমা দেওয়ার মতো সরবরাহকারী খুঁজছে।
ক্রেতারা যা বিবেচনায় নেবেন
আগে ক্রেতারা কারখানার দাম দেখেই অর্ডার দিতেন। এখন তারা মোট প্রকৃত খরচ দেখেন—পণ্যের দাম, শুল্ক, পরিবহন, বিলম্বের ঝুঁকি, কাগজপত্রের ঘাটতি, কাস্টমসে আটকে যাওয়ার সম্ভাবনা, অনুসরণযোগ্যতার খরচ এবং মাননিয়ন্ত্রণ ও দায়িত্বশীল ব্যবসা পরিচালনার খরচ মিলিয়ে আসল ব্যয় হিসাব করেন।
কোনো কারখানা কম দামে পণ্য তৈরি করলেও কাঁচামালের উৎস, তুলা-সুতা-কাপড়ের উৎস, রাসায়নিক ব্যবহার, শ্রমিক অধিকার বা পণ্যের গঠন নিয়ে নির্ভরযোগ্য প্রমাণ দিতে না পারলে তা ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে। তাই আগামী প্রতিযোগিতা কম দামের পাশাপাশি কম ঝুঁকির নির্ভরযোগ্য সরবরাহের ওপর নির্ভর করবে।
পণ্যের উৎস এখন বড় বাস্তবতা
পণ্যের উৎস ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগে কাটিং-সেলাইয়ের দেশকেই উৎস মনে করা হতো। কিন্তু এখন সুতা, কাপড়, বোতাম, জিপারসহ উপকরণের উৎসও বড় বিষয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে চীনা উপকরণ, তৃতীয় দেশের মাধ্যমে পণ্য পাঠানো এবং জবরদস্তিমূলক শ্রমের ঝুঁকি নিয়ে নজরদারি বেড়েছে।
বাংলাদেশের এখানে বড় সম্ভাবনা রয়েছে। দেশে স্পিনিং, নিটিং, ডাইং, ফিনিশিং ও তৈরি পোশাক উৎপাদনের শক্তিশালী ভিত্তি আছে। স্থানীয় মূল্য সংযোজন বাড়িয়ে কাঁচামাল থেকে পোশাক পর্যন্ত তথ্য-প্রমাণ দেখাতে পারলে অনেক প্রতিযোগী দেশের চেয়ে এগিয়ে থাকা সম্ভব।
ইইউর বাজারে তথ্য ও প্রমাণ হবে নতুন শর্ত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পণ্যের ডিজিটাল পাসপোর্ট, পরিবেশবান্ধব নকশা, মানবাধিকারভিত্তিক যাচাই এবং জবরদস্তিমূলক শ্রম প্রতিরোধ আইন গুরুত্বপূর্ণ হবে। পোশাক তৈরির পাশাপাশি পণ্যের পেছনের তথ্য দিতে হবে—কোন ফাইবার ব্যবহৃত, কত শতাংশ পুনর্ব্যবহৃত উপাদান, রাসায়নিক, কারখানার ধাপ, শ্রমিক অধিকার রক্ষা এবং পরিবেশগত প্রভাব।
যে কারখানাগুলো এ তথ্য সঠিকভাবে সংরক্ষণ-সরবরাহ করতে পারবে, তারা ক্রেতাদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। শুধু উৎপাদনকারী কারখানাগুলো প্রমাণ দিতে না পারলে বড় ক্রেতাদের তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকবে।
জবরদস্তিমূলক শ্রম প্রতিরোধ
জবরদস্তিমূলক শ্রম প্রতিরোধ এখন ব্যবসার খরচ-ঝুঁকির অংশ। চালান আটকে গেলে দেরি, অতিরিক্ত পরিবহন খরচ, সময়মতো ডেলিভারি না হওয়া এবং ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তুলা-সুতা-কাপড়ের উৎস, লেনদেন রেকর্ড, সরবরাহকারীর ঘোষণা ও অনুসরণযোগ্যতার তথ্য নিয়মিত ব্যবস্থাপনার অংশ হতে হবে।
চীনের বিকল্প ও বাস্তবতা
ক্রেতারা চীনের বিকল্প খুঁজছেন, কিন্তু শুধু শ্রমিক থাকলেই চলবে না। কাপড় উৎপাদন, ডাইং, ট্রিমস, বন্দর, জ্বালানি, দক্ষ ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও অর্থায়ন সক্ষমতা দরকার। বাংলাদেশের সুবিধা উৎপাদন পরিসর, অভিজ্ঞতা, নিরাপদ ও পরিবেশবান্ধব কারখানার ভাবমূর্তি। তবে জ্বালানি-গ্যাস সংকট, বন্দরের সীমাবদ্ধতা, উচ্চ অর্থায়ন ব্যয়, খরচবৃদ্ধি ও তথ্য প্রস্তুতির ঘাটতি চ্যালেঞ্জ।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকল্পনা, নকশা, উৎপাদন পর্যবেক্ষণ, মজুত ব্যবস্থাপনা, ভার্চুয়াল নমুনা ও দ্রুত সিদ্ধান্তে ভূমিকা রাখবে। তবে এটি সেলাই, কাপড়, ডাইং বা প্রমাণপত্রের বিকল্প নয়। ক্রেতারা দ্রুত সাড়া, ছোট অর্ডার, সঠিক তথ্য ও ডিজিটাল প্রতিবেদন চাইবে। তথ্য দ্রুত-নির্ভুলভাবে সরবরাহকারী কারখানাই প্রতিযোগিতামূলক হবে।
বাংলাদেশের করণীয়
তৈরি পোশাক খাতের জন্য জরুরি কম দামের প্রতিযোগিতা ছাড়িয়ে নির্ভরযোগ্য, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সরবরাহব্যবস্থায় যাওয়া। বাংলাদেশ শুধু কম দামে নয়, নিরাপদ, সবুজ, অনুসরণযোগ্য, তথ্যসমৃদ্ধ ও দায়িত্বশীল পোশাক তৈরি করতে পারে—এই বার্তা দিতে হবে। কারখানাগুলো কাঁচামাল অনুসরণ, রাসায়নিক-জ্বালানি দক্ষতা, নবায়নযোগ্য বিদ্যুৎ, শ্রমিক কল্যাণ, অভিযোগ নিষ্পত্তি, উৎপাদন-পরিবেশগত তথ্যে বিনিয়োগ করবে। বিজিএমইএ ও বিকেএমইএ সদস্য কারখানার জন্য তথ্যভান্ডার, যাচাই সহায়তা, ডিজিটাল পাসপোর্ট, সবুজ অর্থায়ন ও ক্ষুদ্র-মাঝারি কারখানার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ জোরদার হবে।
ভবিষ্যতের প্রতিযোগিতা
আগামী পাঁচ বছর তৈরি পোশাক খাতের জন্য কঠিন। সঠিক প্রস্তুতি নিলে বড় সুযোগও। কম দামের অপেক্ষায় থাকলে চাপ বাড়বে। তথ্য, প্রমাণ, অনুসরণযোগ্যতা, জ্বালানি দক্ষতা, স্থানীয় মূল্য সংযোজন, দ্রুত যোগাযোগ ও দায়িত্বশীল ব্যবসায় সক্ষম যারা, তারাই বৈশ্বিক বাজারে শক্তিশালী হবে। প্রতিযোগিতা নির্ভরযোগ্য, প্রমাণযোগ্য, টেকসই ও ঝুঁকিমুক্ত সরবরাহের ওপর হবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে এখনই প্রস্তুত হতে হবে।
লেখক: শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক, বিজিএমইএ ও ব্যবস্থাপনা পরিচালক, কিউট ড্রেস লিমিটেড






