‘এসো হে বৈশাখ, এসো এসো’—এই চেনা গানের সুর হঠাৎ ভেসে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের রাজধানী কলম্বিয়ার নীল আকাশে। শহরের কোলাহল, সময়ের দৌড় এবং প্রবাসের চাপের মধ্যে এক বিকেলে ফিরে এলো বাংলার স্নিগ্ধতা—মাটির গন্ধ, আলপনা এবং হৃদয় জুড়ে জমা স্মৃতি।

সাউথ ক্যারোলাইনার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী এবং অভিবাসীরা ১২ এপ্রিল এই অনুষ্ঠান আয়োজন করে। ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার পিএইচডি গবেষক অরুণাভ দাস এর অন্যতম সংগঠক। তিনি দৈনিক মুক্তকণ্ঠকে বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে কেদার চন্দ্র দাস ও অপর্ণা দেবনাথের স্নিগ্ধ বাসভবন রূপ নেয় এক টুকরা বাংলাদেশে। প্রবাসের এই ছোট্ট ঘর ভরে ওঠে হাসি, গল্প, কোলাহল আর উষ্ণতায়। সাউথ ক্যারোলাইনায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার বর্তমান ও সাবেক পিএইচডি শিক্ষার্থীরা একত্র হয়ে নিজেদের হারিয়ে যাওয়া শিকড় আবার খুঁজে পেলেন।

খাবারের টেবিলে সাজানো ছিল শুধু বাঙালি খাবার নয়, স্মৃতির এক সমাহার। পান্তা-ইলিশে ফিরে এলো শৈশবের সকাল, ভর্তায় মায়ের স্নেহ, মাংস-মিষ্টির গন্ধে উৎসবের উচ্ছ্বাস। কেউ খাবারের মধ্যে শৈশবের উঠোনে ফিরলেন, কেউ কথার ফাঁকে খুঁজলেন চেনা স্বাদ—যা দেশেই পাওয়া যায়, তবু আজ এখানে হাতের কাছে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

সবার অংশগ্রহণ এই আয়োজনকে কেবল সামাজিক মিলনমেলায় সীমাবদ্ধ রাখেনি; এটি হয়ে উঠেছে প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালি সংস্কৃতি বহনের সম্মিলিত অঙ্গীকার।

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’—এই পংক্তি ছিল সবার হৃদয়ে, হাসিতে, চোখের উজ্জ্বলতায়। প্রবাসে এই ভালোবাসা আরও গভীর, নীরব কিন্তু অটুট।

এই আয়োজন কেবল উৎসব নয়; ফিরে পাওয়ার গল্প। দূরদেশে বসে শৈশবের মাটি, বৈশাখের সকাল, গানের মজা—সবকিছু নতুন করে উপভোগের সুযোগ।

আটলান্টিকের ওপারেও বৈশাখ আসে স্মৃতি, ভালোবাসা আর শিকড়ের টান নিয়ে, বাঙালিকে বারবার ফিরিয়ে নিয়ে যায় তার মূলে।