পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েস’-এর ইডেন মহিলা কলেজ শাখায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি নিযুক্ত হয়েছেন নুসরাত ইমরোজ তিষা এবং সাধারণ সম্পাদক প্রজ্ঞা মোস্তফা প্রীতি। সংগঠনের প্রধান সমন্বয়ক আলমগীর কবীর স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটি আগামী এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম চালু করবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে সহসভাপতি জ্যোতি পাল, সহসম্পাদক মুশফিকা তারান্নুম এবং সাংগঠনিক সম্পাদক সুমাইয়া শামস। উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক নাসরিন বেগম, অধ্যাপক রিতা হালদার, অধ্যাপক রুনুসহ ইডেন মহিলা কলেজের কয়েকজন অভিজ্ঞ শিক্ষক। তাঁদের নির্দেশনায় সংগঠনের কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
নবগঠিত কমিটির সভাপতি নুসরাত ইমরোজ বলেন, “সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আমরা শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নানা উদ্যোগ গ্রহণ করব।” সাধারণ সম্পাদক প্রজ্ঞা মোস্তফা বলেন, “গ্রিন ভয়েসের লক্ষ্য বাস্তবায়নে আমরা সবাই মিলে কাজ করব এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখব।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক সেমিনার, ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি শুরু হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের জড়িয়ে টেকসই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে।
গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবীর নবগঠিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি ইডেন মহিলা কলেজে পরিবেশবান্ধব কার্যক্রমে নতুন গতি আনবে এবং দেশের তরুণ সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]






