বাংলাদেশের স্থানীয় সরকারের মূল স্তর ইউনিয়ন পরিষদ। এখান দিয়ে মানুষের সঙ্গে রাষ্ট্রের সরাসরি যোগসূত্র গড়ে ওঠে, এখানেই প্রতিদিন আস্থা তৈরি হয় অথবা হতাশা জন্ম নেয়। কিন্তু বাস্তবে অনেক নেতা তাদের দায়িত্বের গুরুত্ব বুঝতে পারেন না। ফলে উন্নয়ন, ন্যায়বিচার এবং জনপ্রত্যাশার মধ্যে বড় ফাঁক পড়ে যায়। এই পরিস্থিতিতে ইউনিয়ন নেতৃত্বকে দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং মানবিক পথে নিয়ে যাওয়ার জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ এখন জরুরি।
স্থানীয় সরকার নেতৃত্ব কোনো পদ নয়, এটি একটি দায়িত্ব। ইউনিয়ন পর্যায়ের একজন নেতা শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তিনি মানুষের আস্থা, আশা ও ভবিষ্যতের বাহক। বাংলাদেশের গ্রামগুলোয় উন্নয়ন, ন্যায় এবং সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে হলে নেতৃত্বকে হতে হবে সৎ, সক্রিয় এবং মানুষের সঙ্গে সংযুক্ত।
এই রোডম্যাপটি নতুন বা আগ্রহী ইউনিয়ন নেতাদের জন্য বাস্তবধর্মী নির্দেশনা দেয়, যা অনুসরণ করলে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।
মানুষের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলা
নেতার প্রথম কাজ মানুষকে জানা। ইউনিয়নের প্রতিটি গ্রাম, পরিবার ও শ্রেণির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কৃষক, শ্রমিক, নারী, যুবক, প্রবীণ—সবার সমস্যা সরাসরি শুনতে হবে। শুধু শোনা নয়, সমস্যাগুলো নথিভুক্ত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। এতে মানুষ অনুভব করবে তাদের কথা গুরুত্ব পাচ্ছে, এটাই নেতৃত্বের মূল ভিত্তি।
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা
মানুষের আস্থা তৈরি হয় স্বচ্ছতা থেকে। ইউনিয়নের বাজেট, প্রকল্প, সিদ্ধান্ত—সবকিছু জনগণের সামনে পরিষ্কার করে তুলে ধরতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে স্থানীয় প্রতিনিধি, শিক্ষক, সমাজের সম্মানিত ব্যক্তি ও সাধারণ মানুষের মতামত নিতে হবে। ব্যক্তিগত স্বার্থ পেছনে রেখে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
শিক্ষাকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখা
গ্রামের দীর্ঘমেয়াদি উন্নয়নের চাবিকাঠি শিক্ষা। প্রাথমিক শিক্ষা শক্তিশালী করা, স্কুলের পরিবেশ উন্নত করা, ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা—এসবকিছুতে বিশেষ মনোযোগ দিতে হবে। যুবকদের জন্য কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করতে হবে, যাতে তারা কর্মসংস্থান পায়। মেয়েদের শিক্ষা নিশ্চিত করাই উন্নত সমাজ গঠনের মূল শর্ত।
মানবিক ও সহানুভূতিশীল নেতৃত্ব গড়ে তোলা
নেতা শুধু প্রশাসক নন, তারা মানুষের অভিভাবকও। দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ সহায়তা দিতে হবে। স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, স্যানিটেশনের মতো মৌলিক বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানুষের কষ্ট বুঝে সেই অনুযায়ী কাজ করাই সত্যিকারের নেতৃত্ব।
নৈতিকতা ও সততাকে অগ্রাধিকার দেওয়া
দুর্নীতিমুক্ত নেতৃত্বই সমাজকে এগিয়ে নিয়ে যায়। অনিয়ম, পক্ষপাত বা স্বজনপ্রীতির সঙ্গে কোনো আপস করা যাবে না। নেতা নিজের ভুল স্বীকার করে সংশোধন করতে জানবেন। এটাই তাঁকে আলাদা করে এবং মানুষের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে।
পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা
তাৎক্ষণিক কাজের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। অবকাঠামো, রাস্তা, সেতু, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র নিয়ে সমন্বিত পরিকল্পনা করতে হবে। কৃষি উন্নয়ন, সেচ, পরিবেশ সংরক্ষণ ও প্রযুক্তির ব্যবহারে দৃষ্টি দিয়ে উন্নয়ন টেকসই করতে হবে।
তরুণদের সম্পৃক্ত করা
ইউনিয়নের ভবিষ্যৎ তরুণদের ওপর নির্ভরশীল। যুবকদের সংগঠিত করে নেতৃত্বের গুণ তৈরি করতে হবে। তাদের নতুন ধারণা ও উদ্যোগকে উৎসাহিত করলে সমাজে ইতিবাচক পরিবর্তন দ্রুত আসবে। তরুণদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন অসম্পূর্ণ।
নিয়মিত মূল্যায়ন ও সংশোধন
প্রতিটি উদ্যোগের ফলাফল নিয়মিত যাচাই করতে হবে। জনগণের মতামত নিয়ে অগ্রগতি পরীক্ষা করে সমস্যা দেখা দিলে দ্রুত সংশোধন করতে হবে। নেতা তাঁর সিদ্ধান্তের দায়িত্ব নেবেন, এটাই বিশ্বাসযোগ্যতা তৈরি করে।
সমাপনী ভাবনা
বাংলাদেশের ইউনিয়ন নেতৃত্ব সৎ, জবাবদিহিমূলক ও মানবিক হলে গ্রাম থেকেই শক্তিশালী রাষ্ট্র গড়ে উঠবে। মানুষ চায় সৎ প্রতিনিধি, যিনি তাদের কথা শুনবেন, পাশে থাকবেন এবং ন্যায়বিচার নিশ্চিত করবেন। আসন্ন স্থানীয় নির্বাচনে নেতৃত্বে আসতে চান যাঁরা, তাঁদের জন্য স্পষ্ট বার্তা: নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব; শাসন নয়, সেবা।
এই নীতিগুলো অনুসরণ করলে প্রতিটি ইউনিয়ন উন্নয়ন, ন্যায় ও মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে। তবে এই লেখা একা সমস্যার সমাধান নয়, বরং সমাধানের পথনকশা। প্রস্তাবিত দিকনির্দেশনা সত্যিকারে গ্রহণ ও বাস্তবায়ন হলে এটি শক্তিশালী শুরু হবে। সমস্যা নীতির অভাব নয়, প্রয়োগের ঘাটতি, রাজনৈতিক সংস্কৃতি, জবাবদিহির দুর্বলতা ও ক্ষমতার অপব্যবহার। মানুষের সংযোগ, স্বচ্ছতা, শিক্ষা, নৈতিকতা, তরুণ সম্পৃক্ততা—এগুলো মূল সমস্যায় আঘাত করে।
তবে এখানে তিনটি শর্ত আছে
প্রথমত, রাজনৈতিক সদিচ্ছা: কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত বাস্তবে এই নীতি মানার ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব।
দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক প্রয়োগ: ধারণাগুলোকে নিয়ম, প্রক্রিয়া ও বাধ্যতামূলক কাঠামোতে আনতে হবে।
তৃতীয়ত, নাগরিক চাপ ও অংশগ্রহণ: মানুষ নিজের অধিকার দাবি না করলে ভালো নীতি কার্যকর হয় না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি সমস্যার ‘সমাধান’ নয়, ‘সমাধানের পথনকশা’। সঠিক ব্যবহারে ইউনিয়ন থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু হতে পারে। বাংলাদেশে অনেক বড় পরিবর্তন নিচু স্তর থেকে শুরু হয়েছে।
* রহমান মৃধা, প্রাক্তন পরিচালক, ফাইজার, সুইডেন






