যুক্তরাজ্যের নর্থ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাল-সবুজ পতাকা উড়িয়ে দূরপ্রবাসী বাংলাদেশিরা গত রোববার (২৯ মার্চ) স্বাধীনতার ৫৫ বছর উদযাপন করেন উচ্ছ্বাসে। বিভিন্ন বয়স ও পেশার মানুষ, প্রবীণ মুক্তিযোদ্ধা থেকে বাংলা স্কুলের ছোট ছাত্র-ছাত্রী পর্যন্ত এই অনুষ্ঠানে অংশ নিয়ে ইতিহাস, আবেগ ও পরিচয়ের সুতোয় বাঁধা হয়ে যান।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। প্রথমেই ইউসুফ রাজা চৌধুরী, এম এ রউফ, ফাত্তাহ চৌধুরী এবং নর্থ্যাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন বাংলা স্কুলের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাইেন। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, যা স্বাধীনতার পথে ত্যাগ ও রক্তের গল্প স্মরণ করিয়ে দেয়।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়, যা নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক আগ্রহ জাগায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ্যাম্পটনশায়ারের এইচএম লর্ড লেফটেন্যান্ট জেমস সন্ডার্স ওয়াটসন এবং লর্ড রামি রেঞ্জার। শুরুতে স্বাগত জানান নর্থ্যাম্পটন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস চেম্বারের চেয়ারম্যান কাউন্সিলর নাজ ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান ও ট্রেজারার সাদিক চৌধুরী। এছাড়া বক্তব্য দেন ইউরো ফুডস গ্রুপের মালিক শেলিম হোসেন, নর্থ্যাম্পটনের মেয়র কাউন্সিলর জেন বার্চ, সংসদ সদস্য লি ব্যারন, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, ডেপুটি মেয়র কাউন্সিলর মাইক হ্যালাম, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান, সেক্রেটারি মিটু চৌধুরী, চিফ ট্রেজারার টিপু রহমান, নীলাম আগরওয়াল সিং এমবিই, কাউন্সিলর রিকা বেগম এবং চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার জাকি রেজওয়ানা আনোয়ারসহ কমিউনিটির নেতারা।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা শুধু একটি রাষ্ট্রের জন্ম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও সংগ্রামের প্রতীক। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এবং সেই চেতনা ধারণ করতে পরিবার ও কমিউনিটির সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আনুষ্ঠানিক অংশ শেষে স্থানীয় ওয়ালিংভরা রোডের দ্য রিলম রেস্টুরেন্টে কেক কেটে স্বাধীনতার ৫৫ বছর উদযাপন করা হয়।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]